বার্তাবাংলা রিপোর্ট :: রাজধানী ঢাকা ও চট্র্রগ্রামের কিছু অংশ নিয়ে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি (ত্রিজি) সেবা শুরু করতে যাচ্ছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন। এজন্য বেছে নেয়া হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহকে। রোববার থ্রিজি নিলামে ১০ মেগাহার্টজ তরঙ্গ কেনার পর আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ এ ঘোষণা দেন। তিনি জানান, অক্টোবরের শুরুতে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় থ্রিজি সেবা চালু করার পর নভম্বেরে ঢাকা জেলার অন্যান্য অংশ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে যাবে গ্রামীণ ফোন। আর ডিসেম্বরের মধ্যে সাত বিভাগীয় শহরেই গ্রামীণ ফোনের থ্রিজি সেবা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিবেক। তিনি জানান, ২০১৪ সালের মধ্যেই সারাদেশের ৬৪ জেলায় গ্রামীণফোন থ্রিজি সেবা দিতে পারবে। বিবেক সুদ বলেন, নিলামে আমরা খুশি। সবারই তথ্য পাবার অধিকার রয়েছে। আমরা সবার মাঝে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই। থ্রিজির ফলে দ্রুত গতির ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে। ফলে ই-এডুকেশন, ই-কমার্সসহ নতুন সেবার দ্বার উন্মোচিত হবে। বিটিআরসির হিসাব অনুযায়ী, জুলাইয়ের শেষ পর্যন্ত গ্রামীণ ফোনের গ্রাক সংখ্যা ছিল ৪ কোটি ৪৬ লাখ। গ্রামীণ ফোনের পাশাপাশি দেশের অপর তিন মোবাইল অপারেটর বাংলালিংক, রবি ও এয়ারটেল রোববার নিলামে অংশ নিয়ে পাঁচ মেগাহার্টজ করে থ্রি জি তরঙ্গ কিনেছে। ১০ মেগাহার্টজ তরঙ্গের জন্য গ্রামীণ ফোন সরকারকে পরিশোধ করবে প্রায় ১ হাজার ৬৩২ কোটি টাকা। আর বাকি তিন অপারেটরকে দিতে হবে প্রায় ৮১৬ কোটি টাকা করে। থ্রিজি নীতিমালা অনুসারে অপারেটররা ১৫ বছরের জন্য এই লাইসেন্স পাচ্ছে।
মন্তব্য যুক্ত করুন
