দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে দুই পাইলটের মধ্যে মারামারির পর সেটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
উড়োজাহাজটি প্রথমে সাধারণ জরুরি সংকেত এবং পরে ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের সংকেত পাঠালে ইসরায়েলে ব্যাপক নিরাপত্তা তৎপরতা শুরু হয়। তবে এটি ছিনতাইয়ের ঘটনা ছিল না বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের উদ্দেশে রওনা হয়।
উড়োজাহাজটিতে ১৫০ থেকে ১৮০ জন যাত্রী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ইসরায়েলি বলে জানানো হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে—যাত্রার প্রায় দুই ঘণ্টা পর উড়োজাহাজটি ৭৭০০ কোড পাঠায়, যা সাধারণ আন্তর্জাতিক জরুরি সংকেত। এর কয়েক মিনিট পর সেটি ৭৫০০ কোড পাঠায়, যা ছিনতাই বা ‘অবৈধ হস্তক্ষেপ’–এর সংকেত হিসেবে ব্যবহৃত হয়। পরে আবার সাধারণ জরুরি সংকেত পাঠানো হয়।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য আরও বলছে—জরুরি সংকেত পাঠানোর আগে উড়োজাহাজটি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে একপর্যায়ে ১৭ হাজার ফুটে নেমে যায় এবং পরে আবার দ্রুত নিচে নামতে থাকে।
ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির পর জরুরি সংকেতগুলো পাঠানো হয়ে থাকতে পারে। তবে সংকেতগুলো ইচ্ছাকৃতভাবে কেউ পাঠিয়েছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার ছিল না।
ফ্লাইদুবাই জানিয়েছে, ফ্লাইটটিতে একটি ‘ঘটনা’ ঘটেছিল এবং পরে উড়োজাহাজটি নিরাপদে তাবুকে অবতরণ করে। সব যাত্রী নিরাপদে আছেন বলেও জানিয়েছে এয়ারলাইনটি।

