ইউরোপ ভ্রমণকারীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এখন থেকে একটি নতুন ‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতির আওতায় যারা আগের ভিসা যথাযথভাবে ব্যবহার করেছেন, তাদের জন্য সহজ হচ্ছে দীর্ঘমেয়াদী ও বহুবার প্রবেশযোগ্য শেনজেন ভিসা পাওয়ার পথ।

নতুন নিয়ম অনুযায়ী, গত তিন বছরে দুটি স্বল্পমেয়াদী শেনজেন ভিসা ব্যবহার করে সঠিকভাবে ইউরোপ ভ্রমণ করা হলে, সেই ব্যক্তি দুই বছরের জন্য একটি বহুবার প্রবেশযোগ্য (মাল্টিপল-এন্ট্রি) ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসা সঠিকভাবে ব্যবহৃত হলে, পরবর্তী ধাপে পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করা যাবে- তবে অবশ্যই পাসপোর্টের মেয়াদ যথেষ্ট দীর্ঘ হতে হবে। খবর গালফ নিউজের।
বর্তমানে ভারত, তুরস্ক এবং সর্বশেষ ইন্দোনেশিয়ার নাগরিকরা এই সুবিধার আওতায় এসেছেন।ভারতীয় নাগরিকরা এখন ভারত থেকে আবেদন করলে প্রথমে দুই বছরের মাল্টিপল ভিসা, এরপর পাঁচ বছরের ভিসা পেতে পারেন।তুরস্কের নাগরিকদের জন্য প্রথমে স্বল্পমেয়াদী ভিসা থেকে শুরু করে ৩ বা ৫ বছরের মাল্টিপল ভিসার দিকে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে।
ইন্দোনেশিয়ার নাগরিকরা, যারা দ্বিতীয়বার ইউরোপ ভ্রমণ করছেন, তারাও এখন থেকে মাল্টিপল শেনজেন ভিসা পেতে পারেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা সাধারণত ঘন ঘন ইউরোপ সফর করেন। কখনও ব্যবসায়িক মিটিং, কখনও পারিবারিক সফর বা ছুটির জন্য। কিন্তু প্রতিবার ভিসার জন্য আবেদন করা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর।
যারা আগের ভিসা সঠিকভাবে ব্যবহার করেছেন, এমন প্রমাণ থাকলে তার আর্থিক সামর্থ্য এবং ভ্রমণ বিমা থাকলে, প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন করলে তিনি কয়েক বছরের জন্য ইউরোপে বারবার প্রবেশের সুযোগ পাবেন। পুনরায় আবেদন ছাড়াই এ সুযোগ পাবেন তিনি।
যদিও এখনো সব দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু হয়নি, তবে ইউরোপীয় ইউনিয়ন আরও দেশকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা করছে। বিশেষ করে আমিরাতে বসবাসকারী ভারতীয়, পাকিস্তানি, ফিলিপিনো ও অন্যান্য এশীয়দের মধ্যে যাদের ভিসা রেকর্ড ভালো, তাদের জন্য এটি বড় সুযোগ হতে পারে।
পরপর দুটি সঠিকভাবে ব্যবহার করা ভিসা থাকলে ২ বছরের মাল্টিপল ভিসার জন্য আবেদন করা যাবে। এরপর ৫ বছরের জন্য মাল্টিপল ভিসাও পেতে পারেন তারা। এতে সময়, অর্থ এবং ঝামেলা কমবে। এখন থেকেই পুরোনো ভিসা ও ভ্রমণের রেকর্ড সংরক্ষণ করার কথা জানানো হয়েছে।

