হাওয়াইয়ান এয়ারলাইন্সের আইটি সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। তবে এতে করে তাদের ফ্লাইট কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। খবর রয়টার্স

বৃহস্পতিবার (২৬ জুন) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘আমাদের কিছু আইটি সিস্টেম সাইবার নিরাপত্তাজনিত একটি ঘটনার শিকার হয়েছে।’ যদিও এই ঘটনার প্রকৃতি বিস্তারিতভাবে জানানো হয়নি, তবে সাধারণত এ ধরনের ভাষা র্যানসমওয়্যার হামলার ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যেখানে হ্যাকাররা কোনো প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক অচল করে দিয়ে মুক্তিপণ দাবি করে থাকে।
হাওয়াইয়ান এয়ারলাইন্সের মালিকানাধীন সংস্থা আলাস্কা এয়ার গ্রুপ জানিয়েছে, ‘আমরা আমাদের অপারেশন সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বর্তমানে আমাদের সব ফ্লাইট নিরাপদ ও নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে।’
এ ঘটনায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রয়টার্স সূত্রে জানা গেছে, সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করলে হাওয়াইয়ান এয়ারলাইন্সের এক প্রতিনিধি জিমেইল ব্যবহার করে উত্তর দিয়েছেন, যা কিছুটা অস্বাভাবিক ঘটনা বলেই ধরা হচ্ছে।
এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং এয়ারলাইন্সটির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে। এ বিষয়ে এফএএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ঘটনাটির কারণে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়নি। ফ্লাইট কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।’
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বিমান পরিবহন খাতকে লক্ষ্য করে সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

