প্রথমবারের মতো সরকারের নেতৃত্বে একটি ‘স্ট্র্যাটেজিক বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই ঘোষণা দেন পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল (পিসিসি)-এর প্রধান নির্বাহী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিলাল বিন সাকিব, যিনি বর্তমানে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

তিনি এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ‘বিটকয়েন ভেগাস ২০২৫’ সম্মেলনে, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
এসময় বিলাল সাকিব বলেন, ‘পাকিস্তান আর অতীতের ছায়ায় আবৃত নয়। এটি এক নতুন, ভবিষ্যত-প্রেক্ষিতসম্পন্ন ডিজিটাল উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠছে। আমাদের তরুণদের নেতৃত্বে, প্রয়োজনের তাগিদে শাণিত ও এক নতুন প্রজন্মের প্রযুক্তি-রাষ্ট্রনায়কদের মাধ্যমে পরিচালিত।’ খবর ডন
তিনি বলেন, ‘আমি শুধু একজন মন্ত্রী নই, আমি একটি প্রজন্মের কণ্ঠস্বর — যারা অনলাইন, অনচেইন এবং অপ্রতিরোধ্য।’
তিনি জানান, সরকারের বড় পদক্ষেপ হচ্ছে জাতীয় বিটকয়েন ওয়ালেট। এতে সরকার-হস্তান্তরিত ডিজিটাল সম্পদ রাখা হচ্ছে। বিক্রি বা জল্পনা নয়, বরং ডিসেন্ট্রালাইজড ফিনান্সে দীর্ঘমেয়াদি আস্থার প্রতীক হবে এই মুদ্রা। বিটকয়েন মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের জন্য ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ করা হয়েছে।
প্রথম ধাপে আন্তর্জাতিক মাইনিং কোম্পানি, প্রযুক্তি প্রতিষ্ঠান ও নবায়নযোগ্য শক্তি অংশীদারদের জন্য দরজা উন্মুক্ত। নতুন নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ডিজিটাল অ্যাসেট অথরিটি যা ডিজিটাল ফিনান্সের জন্য নীতিমালা তৈরি, বিনিয়োগকারী সুরক্ষা এবং উদ্ভাবকদের সহায়তা করবে।
সাকিব বলেন, ’পাকিস্তান এবং বিটকয়েন দু’টিই খারাপ প্রচারণার শিকার। তবে শিরোনামের বাইরে তাকালে আপনি দেখবেন— প্রতিভা, সহনশীলতা আর দূরদৃষ্টি।’
তিনি বিশ্বজুড়ে ক্রিপ্টো নির্মাতাদের আহ্বান জানান, আপনি যদি সত্যিকারের কিছু তৈরি করছেন তাহলে সেটা পাকিস্তানে তৈরি করুন। ব্যাংকবহির্ভূতদের জন্য ওয়ালেট বানান, জমি টোকেনাইজ করুন, আমাদের পাকিস্তান সরকার এই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ডিজিটাল মুদ্রা রিজার্ভ গঠন, মাইনিং অবকাঠামো তৈরি এবং ব্লকচেইন ভিত্তিক অর্থনৈতিক রূপান্তরের পথে এগোচ্ছে। এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং ভূ-রাজনৈতিকভাবেও এক যুগান্তকারী পদক্ষেপ।

