খাবার তৈরি করছেন? খাবার থেকে রোগ প্রতিরোধে কয়েকটি নিরাপত্তা সূত্র মেনে চলা জরুরি। কারণ, খাবার থেকে যেসব রোগ ছড়াতে পারে, তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, খাবার থেকে উৎপন্ন রোগ দ্রুতগতিতে বাড়ছে। অনিরাপদ খাবার থেকে নানা রোগ ছড়ায়। এর মধ্যে ডায়রিয়া থেকে শুরু করে নানা ধরনের ক্যানসার পর্যন্ত রয়েছে। খাবার থেকে যেসব রোগ হয়, তা কিন্তু প্রতিরোধ করা যায়। খাবার নাড়াচাড়া, রান্না ও সংরক্ষণের সময় কিছু বিষয়ে সতর্ক থাকলে এ ধরনের রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায়।
খাদ্য থেকে তৈরি রোগ ঠেকিয়ে স্বাস্থ্য ভালো রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাড়িতে খাবার তৈরির পাঁচটি মূল ধাপ মেনে চলার পরামর্শ দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নিরাপদ খাবারের পাঁচ সূত্রের মধ্যে রয়েছে:
১. খাবার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
২. কাঁচা ও রান্না করা সবজি আলাদা আলাদা করে রাখুন।
৩. খাবার ভালোভাবে সেদ্ধ করে খান।
৪. নিরাপদ তাপমাত্রায় খাবার রাখুন।
৫. নিরাপদ পানি ও কাঁচামাল ব্যবহার করে রান্না করুন।
বাড়িতে রান্নায় এ পাঁচটি নিয়ম অনুশীলন করলে সুস্থ জীবন যাপন করতে পারবেন।
