ঘরে পোষা প্রাণী থাকলে, ঘামে ভেজা মোজা থেকে বা ভেজা কাপড়ের থেকেও গন্ধ সৃষ্টি হতে পারে ঘরে। ঘরের বিভিন্ন জিনিসের দুর্গন্ধ ও ঘামের গন্ধ দূর করার সহজ কিছু উপায় জানবো আজ।
১. ভিনেগার বা চা-পাতা দিয়ে পোষা প্রাণীর দুর্গন্ধ দূর করুন
ঘরের ও পোষা প্রাণীর দুর্গন্ধ থেকে মুক্ত হতে সাহায্য করে ভিনেগারের মত যাদুকরী উপাদান। ঘরে পোষা প্রাণী রাখলে কার্পেটে দুর্গন্ধ হয়। এই দুর্গন্ধ দূর করতে কার্পেটের উপর স্প্রে করুন ভিনেগার। যদি বিরক্তিকর দুর্গন্ধ পোষা প্রাণীর লিটার বক্স থেকে আসে তাহলে সেখানে কিছু শুকনো চা পাতা দিয়ে রাখুন।
২. প্লাস্টিকের বাটির দুর্গন্ধ দূর করুন পেপার দিয়ে
প্লাস্টিকের বাটি যেখানে রাখা হয় তার গন্ধটা শুষে ন্যায়। ধুয়ে নিলেও এই গন্ধ অনেক সময় যেতে চায়না। খালি প্লাস্টিকের বাটিতে খবরের কাগজ ভরে রাখুন । দেখবেন বাটিতে আর দুর্গন্ধ হবেনা।
৩. ফ্রিজ ও জুতার দুর্গন্ধ দূর করার জন্য ও ব্যবহার করুন পত্রিকা
হ্যাঁ আবারও খবরের কাগজ ব্যবহারের কথাই বলছি। আপনার ফ্রিজের বা ময়লার ঝুড়ির বা জুতার দুর্গন্ধ দূর করার জন্য পুরনো পত্রিকা কাজে লাগাতে পারেন।
৪. রসুন বা পেঁয়াজের গন্ধ দূর করুন স্টেইনলেস স্টিল দিয়ে
পেঁয়াজ বা রসুন কাটার পর হাতে গন্ধ থেকে যায় যা সাবান দিয়ে ধুলেও যায়না অনেক সময়। কিন্তু হাতে স্টেইনলেস ষ্টীলের চামচ ঘষলে খুব সহজেই দূর হয়ে যায় এই গন্ধ। একবার পরীক্ষা করেই দেখুন না!
৫. পায়ের দুর্গন্ধ দূর করুন বেকিং সোডার মাধ্যমে
ঘামের pH কে নিরপেক্ষ করে বেকিং সোডা। সাধারণত বগলে ও পায়ের তলায় ঘাম ও ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ হয়। বেকিংসোডা প্রাকৃতিক ডিওডোরেন্ট হিসেবেও কাজ করে। বগলে ও পায়ের তলায় বেকিং সোডা লাগালে দুর্গন্ধ মুক্ত হওয়া যায়।
৬. কাঠের চপিং বোর্ড গন্ধ মুক্ত করুন লেবু দিয়ে
কাঠের চপিং বোর্ডে মাছ বা মাংস কাটার পরে গন্ধ থেকে যেতে পারে। এই গন্ধ দূর করার জন্য লেবুর রসের সাথে লবণ বা বেকিং সোডা মিশিয়ে বোর্ডের উপর ঘষুন। দেখবেন গন্ধ দূর হয়ে গেছে।
৭. বাথরুমে সুগন্ধের জন্য ব্যবহার করুন এসেনশিয়াল অয়েল
একটি তুলার বলে এসেনশিয়াল অয়েল লাগিয়ে বাথরুমের টয়লেট পেপারের রোলের ভেতরে অথবা কমোডের পেছনে রেখে দিন।
