বার্তাবাংলা রিপোর্ট :: শুরু হতে যাচ্ছে ১৭তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেরশন টেকনোলজি (আইসিসিআইটি) সম্মেলন।
শনিবার ধানমণ্ডির এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্যপ্রযুক্তি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন ডিআইইউয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। এসময় উপস্থিত ছিলেন ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, উপ উপাচার্য অধ্যাপক গোলাম রহমান, এমিরেটাস অধ্যাপক আমিনুল ইসলাম এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার।
আগামী ২২ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে এই সম্মেলন শুরু হয়ে চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই সম্মেলনের আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক এ আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, ফিজি, চীন, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ১৪টি দেশের তথ্যপ্রযুক্তি গবেষকরা তাদের গবেষণাপত্র নিয়ে আসবেন।
টেলিকম অপারেটর রবির প্রধান পৃষ্ঠপোষকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় এ সম্মেলনে কারিগরি সহায়তা দিচ্ছে ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারস (আইইইই)। সম্মেলনের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পেশাজীবী, বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থীরাও অংশ নিবেন। এতে বিশেষজ্ঞরা তাদের চিন্তা, মতামত এবং ধারণাগুলো অংশগ্রহনকারীদের সঙ্গে আদান প্রদান করবেন।
