বার্তাবাংলা রিপোর্ট ::ইরাক থেকে আরও ৩০ বাংলাদেশী ফেরত এসেছেন। গতকাল সরকারি উদ্যোগে এয়ার অ্যারাবিয়ান বিমানের একটি ফ্লাইটে তারা ফেরত আসেন। রাত সাড়ে ৮টার দিকে বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সরকারি খরচে ১৯শে জুলাই ১৫ জন এবং ২০শে জুলাই ৮ জনকে ফেরত আনা হয়। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার এ তথ্য দেন। ফিরে আসা বাংলাদেশীরা ইরাকের তিকরিতে একটি হাসপাতালের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে শিয়া-সুন্নি সংঘাতের ফলে তারা আটকা পড়ে অমানবিক জীবনযাপন করছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে সে দেশের বাংলাদেশী দূতাবাস তাদের প্রত্যাবাসনসহ খাদ্য এবং আশ্রয়ের ব্যবস্থা করে। সে দেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান বলেন, অ্যারবিল এয়ারপোর্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে হবিগঞ্জের ১০, ব্রাহ্মবাড়িয়ার ৯, জামালপুরের ৬ এবং ফরিদপুরের ৪ শ্রমিক রয়েছেন। তাদের প্রত্যেককে বাড়ি পৌঁছানোর জন্য ২০০০ করে টাকা দেয়া হয়েছে।
মন্তব্য যুক্ত করুন
