জনপ্রিয় ব্যান্ড রাস্টফ-এর ভোকালিস্ট আহরার মাসুদ মারা গেছেন। আজ রাস্টফ ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

ভোকালিস্ট আহরার মাসুদ ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন।
রাস্টফের ফেসবুক পেজে দীপের মৃত্যু সংবাদ জানিয়ে লেখা হয়, এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়াবা কোনো শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহরার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।
ব্যান্ডটি আরও উল্লেখ করেছে, তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি। চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এ কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।

