রবি শাস্ত্রী। যিনি ক্রিকেট বিশ্লেষণ ও মন্তব্যে পরিচিত ভারতের সাবেক অলরাউন্ডার এবং প্রধান কোচ। সম্প্রতি জনপ্রিয় ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে অতিথি হয়ে তার চোখে সর্বকালের সেরা পাঁচ ভারতীয় ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেন এই সাবেক তারকা।

রবি শাস্ত্রীর বেছে নেয়া সেই পাঁচ কিংবদন্তি হলেন- শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। তবে সবচেয়ে সেরা হিসেবে শচীন টেন্ডুলকারকেই এক নম্বরে রেখেছেন তিনি।
শচীনের প্রশংসা করে শাস্ত্রী বলেন, ‘আমি একনম্বরে শচীনকে রাখব। ওকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল। তারপরও ওর দীর্ঘস্থায়ী ক্রিকেটজীবন। টানা ২৪ বছর খেলেছে। ১০০টি শতরান করেছে। সেই সময়ের প্রত্যেক পেস আক্রমণকে সামলেছে- ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস থেকে শুরু করে ব্রড, অ্যান্ডারসন, ক্যালিস, শন পোলক, অ্যালান ডোনাল্ড সবাইকে।’
শাস্ত্রীর এই তালিকায় জায়গা হয়নি সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মার মতো বড় নামদের। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি ছিলেন ২০০২ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের অধিনায়ক এবং ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে নিয়ে যাওয়া অধিনায়কও তিনিই। দ্রাবিড় টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং কুম্বলে দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি।
তবে তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী অবদান রাখা তিন আইকনিক অধিনায়ক কপিল দেব (১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক), এমএস ধোনি (২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক) এবং বিরাট কোহলি, যিনি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ও আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার।
এর আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলাও নিজের চোখে সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ করেছিলেন। তার তালিকায় রয়েছেন- বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ভিভ রিচার্ডস, স্টিভ ওয়াহ এবং জ্যাক ক্যালিস।

