
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া শুধু অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসে আবারও খবরে শিরোনাম হয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে রাজধানীর এক মসজিদে সাদামাটা আয়োজনে সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ফারিয়া নিজের নতুন জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে তিনি জানান, জীবনের এক পর্যায়ে যখন সব আশা হারিয়ে ফেলেছিলেন, তখনই জীবনে নতুন আলো নিয়ে আসেন তার স্বামী তানজিম তৈয়ব।
ফারিয়ার ভাষায়, কোনো মানুষ যখন অন্যের কষ্ট বা অসুবিধা অনুভব করে এবং বলে ‘তোমার কি কিছু লাগবে?’—এমন আচরণ আমি আগে দেখিনি। এই মানুষটিই প্রথম আমার জীবনে এমনভাবে যত্নশীল হয়ে এসেছে। তিনি আমাকে বলেন, ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?’ বা ‘এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি।’ এই ছোট ছোট বিষয়গুলো আমার কাছে বিশাল মনে হয়।
তিনি আরও বলেন, যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, মনে করেছিলাম জীবনের এই অধ্যায় শেষ, ঠিক তখনই সবকিছু নতুন করে শুরু হলো।
অন্যদিকে তানজিম তৈয়ব জানান, বিনোদন জগতের সঙ্গে তার তেমন কোনও সম্পর্ক নেই এবং প্রথমে তিনি ফারিয়াকে চিনতেন না। পরে জানতে পারেন ফারিয়া একজন জনপ্রিয় শিল্পী। তানজিমের ভাষায়, তাকে দেখার পর বুঝলাম, সে মানুষ হিসেবে অসাধারণ। খুবই সহজ-সরল, সাহসী, রসিক, প্রাণবন্ত এবং সবচেয়ে বড় কথা, দারুণ যত্নশীল।
প্রায় পাঁচ বছর আগে প্রথম সংসার ভাঙার পর বিয়ের বিষয়ে ফারিয়ার মনে ছিল দ্বিধা ও ভয়। গণমাধ্যমে তিনি একসময় স্বীকার করেছিলেন, নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেয়া তার জন্য সহজ ছিল না। তাই জীবনে নতুন পথ চলায় ভক্তরা ফারিয়াকে শুভকামনা জানিয়েছেন। নবদম্পতির ভিডিও দেখার পর ভক্তরাও উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

