ব্যাটারদের ব্যর্থতায় ইনিংস হারের শঙ্কা শুক্রবারেই ভর করেছিল বাংলাদেশ দলের উপর। অবশেষে কলম্বো টেস্টের চতুর্থ দিনেই সকালের শুরুতেই সেটাই হল। শ্রীলঙ্কার বিপক্ষে ন্যুনতম লড়াইও করতে পারেনি দলটি।

এদিন ৩০ মিনিটের মধ্যে প্রবাথ জয়াসুরিয়ার স্পিন বিশে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। যে কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নাজমুল হোসেন শান্তর দল হেরে গেল ইনিংস ও ৭৮ রানে। এরফলে ২ ম্যাচের সিরিজও ১-০ ব্যবধানে হাতছাড়া হয়ে গেল তাদের। দুই দলের প্রথম ম্যাচটি হয়েছে ড্র।
কলম্বো টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ দল টিকতে পারে মাত্র ৩০ মিনিট। এরপর ইবাদত হোসেনকে এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস ১৩৩ রানে গুটিয়ে দেন থারিন্ডু রাত্নায়াকে। এরপরেই সফরকারীরা ইনিংস ও ৭৮ রানে কলম্বো হেরে মাঠ ছাড়ে।
আগের দিনের ৬ উইকেট হারিয়ে ১১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে শনিবার ৪ বল খেলেই আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। ৪০ তম ওভারে প্রবাত জয়াসুরিয়ার তৃতীয় বলটি লিটনের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে জমা পড়ে। ৪৩ বলে ১৪ রানে ফিরেন লিটন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১১৭/৬) ৪৪.২ ওভারে ১৩৩ (লিটন ১৪, নাঈম ৫, তাইজুল ৬, ইবাদত ৬, নাহিদ ০*; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জয়াসুরিয়া ১৮-২-৫৬-৫, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, রাত্নায়াকে ৫.২-০-১৯-২)

