শহরের ল্যাম্পপোস্টের আলো তখন নিভে আসছিল,
আর মাঠের এক কোণে তুমি বসে ছিলে একা।
না, আমরা ওই অশ্রুঝরা স্তব্ধ ক্যানভাস মনে রাখব না, মেসি!
তুমি তো কোনো ডিলিটেড ফাইল নও যে ট্র্যাশ বিনে হারিয়ে যাবে,
তুমি এই মহাবিশ্বের বুকে এক অনন্ত মহাকর্ষীয় তরঙ্গ।

বয়সের ভারে ক্লান্ত শরীরেও একটি দলকে
তুমি টেনে এনেছিলে এই চূড়ান্তে, যেন এক
পিয়ানোবাদক, যে একা হাতে তুলে আনল শ্রেষ্ঠ সুর;
আজও একলা মহীরুহের মতো দাঁড়িয়ে
আছে তোমার বিশাল ব্যক্তিত্ব।
কিছু কিছু প্রত্যাশা, কিছু সোনালী স্বপ্ন
হয়তো নিঃশব্দেই শেষ হয়,
যেমন বাফারিং হতে হতে হঠাৎ থেমে যায়
কোনো প্রিয় ভিডিওর ক্লিপ।
তবুও ভালোবাসার কোনো ‘আনসাবস্ক্রাইব’ বাটন হয় না, জাদুকর!
কাউকে ভালোবাসলে কি আর তার থেকে মুখ ফিরিয়ে নেয়া যায়?
আমরা মুখ ফিরিয়ে নিইনি।
তোমার অর্জনের ঝুলি যেন এক মিরাকেল ক্লাউড স্টোরেজ,
যা চিরকাল অক্ষত থাকবে মানুষের বুকের গহিনে।
আমরা স্মৃতির আঙিনায় জমা রাখব না তোমার ওই বিষণ্ণ চোখ;
বরং ধরে রাখব তোমার সেই হাসিমাখা মুখ,
সেই চিরন্তন জাদুর পায়ে মাঠ কাঁপানো অনন্য সম্রাটকে।
সময় ফুরোবে, তবুও ইতিহাসের সোনালী স্ক্রিনে
জ্বলজ্বল করবে একটিই সত্য— তুমিই সর্বকালের সেরা,
ইউ আর দ্য গ্রেটেস্ট অব অল টাইম!
-ইব্রাহীম খলিল জুয়েল
২০/৭/২৬

