বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (মঙ্গলবার) এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ দুই দশকের রাজনৈতিক নির্বাসন ও চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টার পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
রেওয়াজ অনুযায়ী জাতীয় সংগীত ও পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রীপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপর সেখানে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর ২৫ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথের পর স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। পরে ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় নতুন সরকারের শপথের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ গ্রহণে যোগ দিতে তারেক রহমানের সঙ্গে যান স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও দেশি-বিদেশি অন্তত ১ হাজার অতিথি অংশ নেন শপথ অনুষ্ঠানে।

