
কখনও তিনি জনতার সামনে দাঁড়িয়ে শুধু হারমোনিকার শিসেই সবার মনোযোগ ছিনিয়ে নিতেন। কখনও স্টেজে ইলেকট্রিক গিটার কাঁধে তুলতেই সবাই হয়ে যেতেন তার অনুসারী। ভক্তদের চোখে ডিলান হলেন এক অদৃশ্য কম্পাস: যিনি আমেরিকার লোকসংস্কৃতি, ব্লুজ, কবিতা আর রকের গায়ে নিজের হাঁটা-চলার ছাপ দিয়ে গেছেন—আর আমাদের শেখালেন, গান কেবল সুর নয়, এক চলমান ভাষা…
“বিশ্ব সঙ্গীতের বিস্ময়কর প্রতিভা বব ডিলান। একাধারে তিনি কবি,গীতিকার,গায়ক,সুরকার ও চিত্রকর। ১৯৬০ এর দশক থেকে পাঁচ দশকেরও বেশী সময় ধরে তিনি অন্যতম প্রধান পুরুষ।
ডিলান বলতেন ‘ আমার বন্দুক নেই কিন্তু কলম আছে।’ তিনি শুধু আনন্দ দেয়ার জন্যই গান করেননি। মানুষের বিপন্নতায় পাশে দাঁড়িয়ে যুদ্ধ চালিয়েছেন।
আমাদের মুক্তিযুদ্ধের সময় বিশ্বব্যাপী প্রচারণা চালাতে ও অর্থ সংগ্রহে নিউইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে অংশ নিয়েছেন। জর্জ হ্যারিসন, রবি শঙ্কর এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন। ২০১৬ সালে তিনি প্রথম গীতিকার হিসেবে নোবেল পুরষ্কার পান। এই আগস্টেই তিনি ৮৪ বছর বয়সে মারা যান। তার জন্যে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। “
ডিলানের কণ্ঠ শুনলে প্রথমেই মনে হয়—এটা কেমন কণ্ঠ! সুন্দর নয়, তবু সুন্দরকে যেনো সুন্দরের সংজ্ঞা শিখিয়ে দেয়। ন্যাসাল, রুক্ষ, কখনও ফিসফিস, কখনও বজ্রের মতো—এই কণ্ঠই তো শহরের রাতজাগা নীয়ন আলো, কফি হাউজের ঠান্ডা কফি, শীতকালের শিশিরে ভেজা মাঠ। তার গানের মধ্যে একধরনের নীরব বজ্রপাত আছে—যেখানে প্রতিবাদ ও প্রেম একই টেবিলে বসে, সত্য আর গল্প একে অপরের সঙ্গে লুকোচুরি খেলে।
ডিলানের লিরিকে কোনো পরিষ্কার অনুভূতি নেই, লিরিকগুলো যেনো সূর্য’র আলোর
ফাঁকে ফাঁকে হয়ে যাওয়া বৃষ্টি। যা আপনাকে স্পষ্ট কোনো ধারণা কখনই দিবে না। ব্যাপারটি শুধুই অনুভবের। তিনি শব্দের মধ্যে সিগারেটের ধোঁয়া জড়িয়ে দেন, স্টেশনের বেঞ্চে ঘুমিয়ে থাকা মানুষের নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস মেলায়।
ভালোবাসা তার কাছে কেবল দুজন মানুষের গল্প নয়; কখনও সেটা কোনো শহরের নির্জনতার আরেক নাম, কখনও কোনো দেশের বিবেক। কোনো রাতের শেষে আমরা যখন বুঝতে পারি—আমাদের ভিতরে যা ভাঙে, সেই ভাঙনেরও সুর আছে—তখন তাকে বলা যায় ডিলানের গান।
ডিলানের ভিতরে আমেরিকার এক রকম আবহাওয়া মিশে আছে—ধুলোমাখা হাইওয়ে, চার্চের সিঁড়ি, ডাইনারের রেডিও, কারাগারের জানালা, প্রেসিডেন্টের শিহরণ, কবির কফিশপ—সব মিলিয়ে একটা বিশাল কোলাজ। কিন্তু এই কোলাজ কখনও যাদুঘরের দেয়ালে ঝুলে থাকে না।
এটা দর্শনের মতন চলমান। আর সেখানেই তার আধুনিকতা। একারণেই তিনি বলেছেন—”আমার গানের ভাষা একা আমার নয়; লোকের মুখে, বইয়ের পাতায়, পুরোনো গানের ধুলোয় যেখানে যেটুকু পড়ে আছে আমি সেখান থেকেই কুঁড়িয়ে, আবার ছড়িয়ে দিই।
আজকের স্ক্রল-সেলুলয়েড যুগে, যেখানে তিরিশ সেকেন্ডের “হুক” গানকে সংজ্ঞা দিতে চায়, সেখানে ডিলান আমাদের ধৈর্য শেখান। একটা দীর্ঘ গানের ধীরে ধীরে খোলা দরজার শব্দ, কণ্ঠের অদৃশ্য খসখস, পিয়ানোর কমা—এসবের মধ্যে যে নীরব নাটক আছে, সেটা দেখার কৌশল তিনি শেখান। কাজগুলোয় দেখা যায়—বয়স কেবল কণ্ঠকে রুক্ষ করেছে, সাহসকে নয়। তিনি এখনও রাতের পর রাত গানের ভেতরে প্রাণ দিয়েছেন, লিরিকের ভিতরে নতুন ছায়া দিয়েছেন।
ডিলান আসলে একটি প্রশ্নচিহ্ন—যার মাথায় টুপির বদলে হারমোনিকা, আর দেহে কোঁচকানো স্যুট। তিনি সোজাসাপটা কোনো নীতিকথা দেন না; বরং এমন এক রাস্তা দেখান যেখানে আলো কম, কিন্তু পথ খুব স্পষ্ট। সেখানে প্রেমিক তার ভাঙা ভেতরটাকে নিয়ে হাঁটে, প্রতিবাদী তার নরম ভয়টাকে স্বীকার করে, আর কবি শেখে—রূপকের ভিতরে কীভাবে সত্যকে জীবন্ত রাখা যায়।
ডিলান আমাদের শেখান, গান হলো রক্তচাপের মতো। উঠানামা আছে, অনিয়ম আছে, কিন্তু এর ভিতরেই জীবন। হারমোনিকার নীল আলো যখন রাতের ভেজা বাতাসে ভেসে আসে, আমরা বুঝি—ভালো গান কখনও শেষ হয় না; শুধু প্রতিবার নতুনভাবে শুরু হয়। আর বব ডিলান? তিনি সেই শুরুর অদৃশ্য সংকেত—শব্দের ধোঁয়ার ভেতর দিয়ে আমাদের দিকে তাকানো এক নিঃশব্দ কম্পাস।

