
বয়স ৪০ পেরিয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। পেশাদার ফুটবলে কাটিয়ে দিয়েছেন দুই দশকের বেশি সময়। কিন্তু ক্লান্তির ছাপ কিংবা সাফল্যের পরিতৃপ্তি—এ দুটোর কোনোটাই যেন ছোঁয়া লাগে না তার শরীরে। টুর্নামেন্ট বা ম্যাচের গুরুত্ব যেমনই হোক, বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক গোল করে চলেছেন। পর্তুগিজ মহাতারকা দিন দিন হয়ে উঠছেন আরও ক্ষুধার্ত।
বুধবার (৩০ জুলাই) রাতে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় গ্রীষ্মকালীন প্রাক্-মৌসুম সফরের অংশ হিসেবে ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছিল সৌদি ক্লাব আল নাসর।
প্রীতি ম্যাচ হলেও, রোনালদো ছিলেন পুরোপুরি সিরিয়াস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। আর প্রত্যাশিতভাবেই গোল করেছেন রোনালদো।
ম্যাচে ২৫ মিনিটে মিডফিল্ডার ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। কিন্তু যে দলে রোনালদো আছেন, সেই দল পিছিয়ে পড়েও ম্যাচ জিততে জানে। ৩৩ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেদ করে এগিয়ে যান আল নাসর ফরোয়ার্ড ওয়েসলি। পরে তার পাস রিসিভ করে ওয়ান টাচে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে সমতায় ফেরান রোনালদো।
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল পেতে পারতেন রোনালদো। তবে বাঁ প্রান্ত থেকে আসা এক দারুণ ক্রস বলেই পা লাগাতে গিয়ে জোয়াও ফেলিক্সের সঙ্গে বোঝাপড়ার অভাবে সুযোগটি হাতছাড়া হয়। অথচ পা ছোঁয়ালেই রোনালদো, ফেলিক্সের যে কেউই গোলটা করতে পারতেন। ম্যাচে দ্বিতীয় গোল না পেলেও রোনালদোর প্রভাব ছিল পুরো ম্যাচজুড়েই।
দূরপাল্লার শটে তুলুজের পোস্টকে কয়েকবার কাঁপিয়ে দিয়েছেন রোনালদো। তার শরীরী ভাষা, দৌড়, পাস কিংবা ফিনিশিং—সবই জানান দিচ্ছিল, তিনি এখনো থেমে যাওয়ার মতো কেউ নন।
আল নাসরের দ্বিতীয় গোলটা করেছেন মোহাম্মদ মারান। ৭৬ মিনিটে নাওয়াফ বুশাল প্রথমে ক্রস রিসিভ করেন। সেই ক্রস রিসিভ করে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মারান।
প্রীতি ম্যাচ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রোনালদো এক রকম হুংকার ছুড়েছেন। তুলুজের বিপক্ষে ম্যাচের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যার মধ্যে রয়েছে গোলের পর তাঁর সেই চিরপরিচিত ‘সিউ’ উদযাপন।
ক্যাপশনে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘এই ক্ষুধা কখনো কমবে না। এখনো অনেক কাজ করার বাকি। আমরা কেবল শুরু করেছি।’
২০২৩ সালে আল নাসরে যোগ দেন রোনালদো। কিন্তু ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা ছুঁতে পারেননি তিনি। এবার যেন সেই অপূর্ণতা পূরণে আরও বেশি উদগ্রীব সিআরসেভেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬–২৭ মৌসুম পর্যন্ত আল নাসরে থাকবেন রোনালদো। রোনালদোর চাহনি ও শরীরী ভাষা বলছে—এই মৌসুমে লক্ষ্য শুধু একটাই, শিরোপা!
আল নাসরের প্রাক–মৌসুম সফরের পরবর্তী ম্যাচ স্পেনে, লা লিগার দল আলমেরিয়ার বিপক্ষে। ১০ আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শুরু হবে আলমেরিয়া-আল নাসর প্রীতি ম্যাচ। আর নতুন মৌসুম শুরু হবে ১৯ আগস্ট, সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হয়ে।
সবশেষ ২০২৪-২৫ মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। ক্লাবটির হয়ে ২০২৩ থেকে খেলছেন তিনি।
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো টুর্নামেন্ট জিততে পারেননি আল নাসরের হয়ে। প্রতিযোগিতামূলক ফুটবলে ১০০০ গোলের মাইলফলকের লক্ষ্যে যে দুর্বার গতিতে তিনি এগোচ্ছেন, সেটাও হয়ে যেতে পারে।

