ইসলামি কুর্দি সংগীতশিল্পী এবং নারী, জীবন ও স্বাধীনতা আন্দোলনের সাবেক কর্মী কারাবন্দি সাসান চামানারাকে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা আবারও গ্রেপ্তার করেছে এবং একটি অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে। নতুন একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার (১৬ জুলাই) বিকেলে আইআরজিসি গোয়েন্দা বাহিনী নেপালের পৌরসভা ইলামে থেকে আটক করেছে গায়ক সাসান চামানারাকে।
গায়কের ভাই জাভেদ চামানারা সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, দুই দিন আগে ইলাম প্রসিকিউটরের অফিস থেকে একটি সমন পেয়েছেন সাসান চামানারা। এতে তার বিরুদ্ধে ডেটা, কম্পিউটার সিস্টেম বা টেলিযোগাযোগ নেটওয়ার্কে অননুমোদিত অ্যাক্সেসের অভিযোগ তোলা হয়েছে।
সাসান চামানারা এ ঘটনায় আইনিভাবে লড়াইয়ের জন্য একজন আইনজীবী নিযুক্ত করেছিলেন। তিনি আইনজীবীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাদা পোশাকের নয়জন সদস্য গ্রেপ্তার করে তাকে।
২০২৪ সালের মার্চে ইলাম বিপ্লবী আদালতের শাখা-১ সাসান চামানারাকে ‘ইরানের ইসলামী প্রজাতন্তের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তিন মাসের কারাদণ্ড এবং ২০ মিলিয়ন ইরানি মুদ্রা জরিমানা করে।
এর আগে ওই বছরের ১৭ জানুয়ারি গোয়েন্দা মন্ত্রণালয়ের বাহিনী তাকে দ্বিতীয়বারের মতো বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত রায় না আসা পর্যন্ত জামিনে মুক্তি দেয়া হয় তাকে।
এরও আগে ২০২২ সালের ৭ অক্টোবর নারী, জীবন ও স্বাধীনতা আন্দোলনের সময় আইআরজিসি গোয়েন্দা সংস্থার সদস্যরা গ্রেপ্তার করে সাসান চামানারাকে। পরে বিচারক সৈয়দ আলী মাজলুমের সবাপতিত্বে তেহরানের বিপ্লবী আদালতের শাখা ২৯ তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।

