ফুটবলের বিশ্বমঞ্চে ইতালির উপস্থিতি বহু পুরোনো ইতিহাসের অংশ। বিশ্বকাপ, ইউরো কিংবা নেশন্স লিগে খেলে শিরোপাও জিতেছে। কিন্তু ক্রিকেটের মঞ্চে ইতালির নাম শোনাই যায় না। তবে এবার সেই ধারাকে উল্টে দিয়েছে ইতালি। ইতিহাস গড়ে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের সুবাস পাচ্ছে আজ্জুরিরা।

বুধবার (৯ জুলাই) দ্য হেগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে চমক সৃষ্টি করেছে ইতালি। আগে ব্যাটিং করে ১৬৭ রান করে ইতালি। জবাবে ১৫৫ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষে উঠে গেছে দলটি।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণই করে ইতালি। ওপেনার এমিলিও গে মাত্র ২১ বলে ৬ টি চার ও দুইটি ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন। এরপর হ্যারি মানেন্তি ৩৮ রান ও শেষ দিকে গ্রান্ট স্টুয়ার্টের ২৭ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস দলকে পৌঁছে দেয় ১৬৭ রানে।
স্কটল্যান্ডের পড়া ৫ উইকেটের সবগুলো একাই নেন ইতালির বোলার হ্যারি মানেন্তি। তার দুর্দান্ত বোলিংয়ে জর্জ মুনসি একপ্রান্ত আগলে ৬১ বলে ৭২ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিরা সঙ্গ দিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রানেই থামে স্কটিশদের ইনিংস।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপ থেকে দুটি দল কোয়ালিফাই করবে। এই জয়ের ফলে তিন ম্যাচ শেষে দুটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ইতালি। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেদারল্যান্ডস, ও ৩ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড।
আগামী ১১ জুলাই গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে ইতালি। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করবে তারা। হেরে গেলে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। কারণ শেষ ম্যাচে মুখোমুখি হবে জার্সি ও স্কটল্যান্ড।
টি-টুয়েন্টির বিশ্ব র্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান ৩২। ২০১৯ থেকে ইতালি লড়ছে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য। তিনবারের অংশগ্রহণে প্রত্যেকবার তৃতীয় অবস্থানে থেকে বাছাই শেষ করে। অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার জো বার্নসের নেতৃত্বে এবার সেই ধাপ পার হওয়ায় অপেক্ষায় ইতালি।
ফুটবলে বিশ্বকাপজয়ী দেশ হিসেবে ইতালির পরিচিতি সবারই জানা। এবার ক্রিকেটের মঞ্চে নতুন এক রূপকথার জন্ম দিতে চলেছে দেশটি। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন ইতালির শেষ ম্যাচের দিকে, ইতিহাসের আরেক অধ্যায় রচিত হওয়ার অপেক্ষায়।

