সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রা আজ। শনিবার (৫ জুলাই) বিকেল ৩ টা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যাত্র শুরুকরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হবে উল্টো রথযাত্রা। আর এর মধ্যে দিয়ে শেষ হবে এবছরের রথযাত্রা উৎসব।

এর আগে গত ২৭ জুন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়। বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। রথযাত্রার সবচেয়ে আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা।
ইতিমধ্যে উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে।
সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মা-। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা।
ইসকন বাংলাদেশ জানিয়েছে, এ বছর ঢাকাসহ দেশের ১২৮টি ইসকন মন্দির ও আশ্রমে রথযাত্রা উৎসব আয়োজন করা হয়।

