পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেয়ার প্রবণতা, যাকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়- সেটি নিষিদ্ধ বলে আবারও সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পর্যটন ভিসা আবেদনকারী যদি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে।
শনিবার (১৪ জুন) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বার্তা জানিয়েছে। ফেসবুকে উল্লেখ করা বার্তায় বলা হয়েছে, “অনেক ভিনদেশি বাবা-মা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসেন এবং চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা গ্রহণ করেন। এই ব্যয় আমেরিকার করদাতাদের ওপর চাপ সৃষ্টি করে। ভবিষ্যতে এই অভিভাবকরা তাদের ভিসা নবায়নেরও যোগ্যতা হারাতে পারেন।”
উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। অনেক সময় এই নিয়মকে অপব্যবহার করে থাকেন বিদেশি নাগরিকরা, যারা পরবর্তীতে সন্তানকে ‘অ্যাঙ্কর বেবি’ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে চান।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করেছে এবং অভিভাবকদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলে ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

