মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছে, এখন থেকে শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করলে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে। ফলে ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি।

নতুন নীতিমালায় বলা হয়েছে, এ ধরনের উদ্দেশ্যকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (৩০ মে) ঢাকায় মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে সন্তানের নাগরিকত্ব লাভের আশায় শুধুমাত্র সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তাদের যদি মনে হয় যে এটাই আপনার উদ্দেশ্য, তাহলে আপনার ভিসা আবেদন বাতিল করা হবে।’
মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব লাভ করে। এই সুযোগকে কাজে লাগিয়ে বহু বছর ধরে কিছু বিদেশি নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিতেন।
মার্কিন সরকারের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেছে- ট্যুরিস্ট ভিসা হবে শুধুই ভ্রমণ এবং বিনোদনের উদ্দেশ্যে, নাগরিকত্ব অর্জনের ফাঁকফোকর খোঁজার জন্য নয়।

