ডায়েট কন্ট্রোলে অনেকেই বেশ সচেতন। নিজেকে সুন্দর দেখানোই নয়, শরীর সুস্থ রাখতেও সঠিক খাদ্যাভ্যাস মেনে চলার বিকল্প নেই। এ নিয়ে অনেক ভুল ধারণাও আছে। বারডেমের প্রধান পুষ্টিবিদ আখতারুন নাহার বলেন, ভুল ধারণা মেনে ডায়েট কন্ট্রোল করলে কোনো কাজে তো আসেই না, বরং হিতে বিপরীত হয়। চলুন, তাহলে দেখে নিই ডায়েট কন্ট্রোলের সময় কোন বিষয়গুলো একেবারেই করা উচিত নয়।
১. ডায়েট কন্ট্রোল করার শুরুতেই প্রয়োজন মানসিক প্রস্তুতির। তা না হলে শুরুর কয়েক দিনের মধ্যে মাথা ঘোরানো, শরীর দুর্বল হয়ে যাওয়াসহ শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে একবারেই খাবারের পরিমাণ কমিয়ে দেবেন না। শরীরকে মানিয়ে নিতে প্রতিদিনের খাবার তালিকা থেকে অল্প অল্প পরিমাণে খাবার কমিয়ে নিন।
২. অনেকেই ভাবেন, ডায়েট কন্ট্রোল মানেই না খেয়ে থাকা। এটা একেবারেই ভুল ধারণা। ডায়েট কন্ট্রোল করার সময় বরং স্বাভাবিকের চেয়ে বেশি খেতে হয়। পুষ্টিবিদরা এ সময়ে পুষ্টিকর খাবারগুলোকে সাত বা আটটি ভাগে ভাগ করে খেতে বলেন, যা শরীরের মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।
৩.ডায়েট কন্ট্রোল করলেই তো ওজন কমবে, শরীরচর্চার কী প্রয়োজন—এমনটা অনেকেই ভাবেন৷ তবে ডায়েট কন্ট্রোলের পাশাপাশি শরীরচর্চা না করলে কাঙ্ক্ষিত ফল কখনোই মিলবে না।
৪.ডায়েট কন্ট্রোল করলে কখনো শর্করা-জাতীয় খাবার বাদ দেওয়া যাবে না৷ কারণ, খাবার থেকে শর্করা বাদ দিলে শরীর দুর্বল হয়ে পড়ে৷ তাই প্রতিদিনের খাবার তালিকায় ৩০ শতাংশ শর্করা-জাতীয় খাবার রাখতে হবে৷ এ জন্য চিনি বা মিষ্টি-জাতীয় খাবার নয়, অল্প পরিমাণে ভাত, রুটি বা আলু খেতে হবে।
৫.অনেকেই দ্রুত ওজন কমানোর জন্য ক্র্যাশ ডায়েট করেন। এতে খুব তাড়াতাড়ি ওজন কমে ঠিকই। কিন্তু কয়েক দিনের মধ্যেই শরীর আবারও দুর্বল হয়ে পড়ে। তখন শরীর সুস্থ করতে খেতে হয় বাড়তি খাবার। তাই ক্র্যাশ ডায়েটে ওজন কমিয়ে খুব একটা উপকার পাওয়া যায় না।
৬.অনেকের ধারণা, ভাত খাওয়া ছাড়লেই বুঝি ওজন কমবে। প্রতিদিন ভাত খেয়েও কিন্তু আপনি কাঙ্ক্ষিত ওজন পেতে পারেন। এ ক্ষেত্রে ভাত খাওয়ার পরিমাণ হতে হবে খুব সামান্য। খেতে হবে দিনের যেকোনো এক বেলা।
