প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় ঢাকার পুরানা পল্টনের আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। ওই প্রকল্প প্রস্তাবে সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে নতুন কমপ্লেক্স নির্মাণের কথা বলা হয়েছে। পাশাপাশি বর্তমান সচিবালয় চত্বরে পুরান ঢাকার নিম্ন আদালত স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে নতুন সচিবালয় প্রকল্পের এখনো অনুমোদন হয়নি। সব প্রক্রিয়া সম্পন্ন করে সরকার আগামী ডিসেম্বরে প্রকল্পের কাজ উদ্বোধন করতে চায়। এ সংক্রান্ত একাধিক বৈঠকও হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এ প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তা অনুসরণ করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন কাজ এগিয়ে নেয়া হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের নকশাও প্রধানমন্ত্রী দেখেছেন। তার ওপর বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেসব আমলে নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় চিন্তা করা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রকল্পটি একনেকে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে; অনুমোদন পেলে বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হবে চলতি বছরের মধ্যেই।
সংশ্লিষ্টরা আরও জানান, আগামী ডিসেম্বরে কাজ শুরুর লক্ষ্যের কথা এসেছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে।

