যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতিতে নতুন মোড়। দেশটির প্রশাসন একই দিনে দুই বড় সিদ্ধান্তে হাত দিয়েছে—বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের সুবিধা পাওয়ার পথ কিছুটা সংকুচিত করার পাশাপাশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা ব্যবহার নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে।
বিবিসি ও রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, মাইক্রোসফটসহ বড় কয়েকটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (পিইআরএম) কার্যক্রম স্থগিত করা হয়েছে। পিইআরএম হলো সেই প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার বিদেশি কর্মীর জন্য গ্রিন কার্ডের আবেদন করতে পারে।

মাইক্রোসফটকে কেন্দ্র করে বিতর্ক
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেছেন, “মাইক্রোসফটের চেয়ে বেশি এই ব্যবস্থার অপব্যবহার আর কোনো প্রতিষ্ঠান করেনি।” তিনি অভিযোগ করেন, গত বছর কোম্পানিটি ৬ হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করেছে; অথচ একই সময়ে ৬ হাজার ৩০০ এইচ-ওয়ানবি ভিসা এবং প্রায় ৩ হাজার গ্রিন কার্ডের সুবিধা নিয়েছে।
ভ্যান্সের ভাষায়, “প্রতিটি ছাঁটাই করা আমেরিকান কর্মীর বদলে তারা দেড়জন বিদেশি কর্মী নিয়েছে।”
মাইক্রোসফট অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, গত অর্থবছরে তাদের এইচ-ওয়ানবি আবেদনের প্রায় ৮০ শতাংশ ছিল বিদ্যমান কর্মীদের মেয়াদ বাড়ানো বা স্ট্যাটাস পরিবর্তনের জন্য; নতুন বিদেশি কর্মী নিয়োগের জন্য নয়। কোম্পানিটি আরও বলছে, বিদেশি ও স্থানীয়—সবাইকে সমান পারিশ্রমিক দেওয়া হয়।
স্থগিতাদেশের আওতায় আরও যারা
শুধু মাইক্রোসফট নয়, স্থগিতাদেশের তালিকায় রয়েছেন আরও কয়েকটি বড় প্রতিষ্ঠান। মার্কিন শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং জানিয়েছেন, কগনিজেন্ট, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো, এইচসিএল টেকনোলজিস এবং ক্যাপজেমিনির ক্ষেত্রেও নতুন ও বিবেচনাধীন পিইআরএম আবেদন গ্রহণ করা হবে না।
সন্ডারলিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে এই প্রতিষ্ঠানগুলো প্রায় ৩০ লাখ বিদেশি কর্মী চেয়েছে; যার মধ্যে ২ লাখ ৩০ হাজারের বেশি এইচ-ওয়ানবি অনুমোদন এবং ১ লাখের বেশি স্থায়ী লেবার সার্টিফিকেশন দেওয়া হয়েছে।
শীর্ষ ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত
একই সংবাদ সম্মেলনে ভিসা জালিয়াতির অভিযোগে ৯টি মার্কিন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তের ঘোষণা এসেছে। তালিকায় রয়েছে হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, ব্রাউন, এমআইটি, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়, ইউসি ডেভিস, ক্যালটেক এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি।
শ্রম বিভাগের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি ডি’এসপোসিটো জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সমন পাঠানো হয়েছে। তদন্তে দেখা হবে—বিদেশি প্রভাব, আর্থিক সম্পর্ক কিংবা ভিসার অপব্যবহার ফেডারেল অর্থায়িত গবেষণাকে ক্ষতিগ্রস্ত করছে কি না।
এখানে যে ভিসার বিষয়টি উঠে এসেছে, সেটি হলো জে-ওয়ান। এই ভিসায় বিদেশি শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপকরা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আসতে পারেন। প্রশাসনের অভিযোগ, কিছু বিশ্ববিদ্যালয় এই ভিসা ব্যবহার করে আমেরিকানদের মজুরি কমিয়ে দিচ্ছে।
শিক্ষাবিদদের শঙ্কা
এই দুই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তাদের আশঙ্কা, ভিসা কঠোরতা বাড়লে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকের সংখ্যা কমবে, যা দীর্ঘমেয়াদে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
ব্রুকিংস ইনস্টিটিউশনের এক বিশ্লেষণ বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু টিউশন ফি-ই নয়, বৈধ অভিবাসীদের মাধ্যমে উদ্ভাবন ও উদ্যোক্তা সৃষ্টিতেও বড় ভূমিকা রাখে। ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রে মোট উদ্ভাবনের ৩৬ শতাংশের পেছনে অভিবাসীদের অবদান রয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের অবস্থান স্পষ্ট—আমেরিকান কর্মীদের স্বার্থ রক্ষা করা হবে। ভ্যান্স বলেছেন, এই স্থগিতাদেশ “যতদিন প্রয়োজন ততদিন” বহাল থাকবে এবং প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।

