কিছু ক্ষত শরীরে থাকে না, তবুও সারাজীবন বয়ে বেড়াতে হয়। সময় তার ওপর প্রলেপ দেয়, স্মৃতিরা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে; কিন্তু হারানোর বেদনা আর প্রতিশোধের আগুন কখনও কখনও নিভে যায় না। বরং বছরের পর বছর নীরবে জ্বলতে থাকে মনের গহিনে। একদিন সেই অতীতই ফিরে আসে, দাঁড় করিয়ে দেয় পুরোনো ক্ষতের সামনে। তখন প্রশ্ন ওঠে— প্রতিশোধ কি সত্যিই যন্ত্রণা মুছে দিতে পারে, নাকি ক্ষমাই খুলে দিতে পারে মুক্তির দরজা? এমনই এক গভীর মানবিক দ্বন্দ্ব, ক্ষত ও মুক্তির গল্প নিয়ে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘উইদাউট ব্লাড’।

ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র নিনা। ছোটবেলার এক রক্তাক্ত অধ্যায় যার জীবনে রেখে গেছে গভীর ক্ষত। এই চরিত্রে অভিনয় করেছেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক। ইতালীয় লেখক আলেসান্দ্রো বারিকোর উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে কোনো নির্দিষ্ট সময় বা স্থান দেখানো হয়নি।
ছবির শুরুতেই দেখা যায়, প্রত্যন্ত এক এলাকায় চিকিৎসক ম্যানুয়েল রোকার বাড়িতে হামলা চালায় কয়েকজন সশস্ত্র ব্যক্তি। প্রতিশোধের নেশায় তারা হত্যা করে চিকিৎসক ও তাঁর পুত্রসন্তানকে। চিকিৎসকের ছোট্ট মেয়ে নিনা (সালমা হায়েক) মেঝের কাঠের তক্তার নিচে লুকিয়ে থাকার কারণে বেঁচে যায়। খুনিদের একজন টিটো মেয়েটিকে দেখেও তাকে ছেড়ে দেয়। অনেক বছর পর মধ্যবয়স্ক নিনা সেই টিটোকে (ডেমিয়ান বিচির) খুঁজে বের করে একটি রেস্তোরাঁয় মুখোমুখি বসেন। প্রতিশোধের জন্য আসা নিনা কি শেষ পর্যন্ত প্রতিশোধ নেবেন? নাকি দীর্ঘদিনের রক্তাক্ত স্মৃতিকে অন্যভাবে দেখার সুযোগ তৈরি হবে?
সিনেমাটি সরাসরি কোনো সহজ উত্তর দেয় না। বরং প্রশ্ন তোলে– সহিংসতার প্রতিশোধ কি নতুন সহিংসতার জন্ম দেয়? একজন মানুষ কি নিজের অতীতের বন্দিদশা থেকে কখনও মুক্ত হতে পারেন?
‘উইদাউট ব্লাড’ সিনেমায় সালমা হায়েকের অভিনয় এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাধারণত বাণিজ্যিক সিনেমায় তাঁর প্রাণবন্ত ও শক্তিশালী উপস্থিতিই বেশি আলোচিত হয়। সিনেমায় নিনাকে খুব বেশি সংলাপনির্ভর না করে অভিব্যক্তি, শরীরী ভাষা ও নীরবতার মধ্য দিয়ে নির্মাণ করা হয়েছে। চায়ের কাপ নাড়ানো, ধূমপান কিংবা দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার মতো ছোট ছোট মুহূর্তেও অনুভব করা যায় তাঁর অতীতের ভার। তাই তো সমালোচকরাও সালমা হায়েকের অভিনয়ের দারুণ প্রশংসা করেছেন। অথচ সিনেমাটির শুরুতে সালমা এ চরিত্রে অভিনয়ই করতে চাননি।

