আশির দশকের জনপ্রিয় টেলিভিশন তারকা হলিউড অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন। রোববার (৩ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সংবাদমাধ্যম এপির প্রদিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী অ্যান্ডারসনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে কাগান। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রী। এ অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার।
এ ঘটনায় অভিনেত্রীর পরিবার একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের পরিবারের প্রিয় স্ত্রী, মা ও দাদির মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত।
অভিনেত্রী অ্যান্ডারসন হিট টেলিভিশন সিচ্যুয়েশন কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজে সংগ্রামরত রেডিও স্টেশনের রিসিপশনিস্টের ভূমিকায় অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। স্বর্ণকেশী ও উচু হিলের জেনিফার নিয়মিত তার বস মি. কার্লসনের অবাঞ্ছিত ব্যবসায়িক আহ্বান উপেক্ষা করতেন। তিনি রিসিপিশনিস্ট হলেও তার দক্ষতা অন্যদের অযোগ্যতার মুখে প্রতিষ্ঠানটি সচল রাখতে সহায়তা করে।
১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচার হয় সিরিজটি। এর কাহিনি ছিল, ওহাইওর একটি ক্ষতির মুখে থাকা রেডিও স্টেশনকে নিজেদের ভবিষ্যৎ রক মিউজের মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এতে অ্যান্ডারসন ছাড়াও আরও অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার ও জ্যান স্মিথারস।
১৯৮৩ সালের কমেডি ‘স্ট্রোকার এস’-এ বার্ট রেনল্ডের সঙ্গে বড়পর্দায় অভিনয় করেন অ্যান্ডারসন। পরে তারা দু’জন বিয়েবন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাদের সেই সংসার বেশিদিন টিকেনি। ১৯৯৪ সালে বিয়েবিচ্ছেদ এই তারকা দম্পতির।
১৯৪৫ সালের ৫ আগস্ট মিনেসোটার সেন্ট পলে জন্মগ্রহণ করেন অ্যান্ডারসন। তার বাবা একজন রসায়নবিদ ছিলেন এবং মা ছিলেন একজন মডেল।

