ভারতের সাবেক জাতীয় দলের বাঁহাতি স্পিনার দিলীপ দোশী আর নেই। সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

দিলীপ দোশী ১৯৪৭ সালের ২২ ডিসেম্বর ভারতের রাজকোটে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় অনেকটা দেরিতেই। ৩২ বছর বয়সে, ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অভিষেক টেস্টেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন এই স্পিনার। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট, খরচ করেছিলেন ১০৩ রান। ভারতের টেস্ট ইতিহাসে অভিষেক ম্যাচেই ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নেওয়া বিরল সেই তালিকায় তিনি নবম নাম।
ভারতের হয়ে দোশী খেলেছেন মোট ৩৩টি টেস্ট ও ১৫টি একদিনের ম্যাচ। টেস্টে উইকেটসংখ্যা ১১৪ এবং একদিনের ক্রিকেটে ২২টি। ভারতের স্পিন আক্রমণের উত্তরসূরি হিসেবে এরাপল্লি প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর, শ্রীনিবাসরাঘবন বেঙ্কটরাঘবন ও বিষান সিং বেদির পর ভারতের স্পিন সামলিয়েছেন তিনি।
দোশীর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও ছিল সমৃদ্ধ। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলা এবং সৌরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডে খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ার কাউন্টির হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ঝুলিতে জমা হয়েছিল ৮৯৮টি উইকেট—যা তার অসাধারণ দক্ষতার প্রতিচ্ছবি।
ক্যারিয়ার শেষে ক্রিকেট প্রশাসন ও বিশ্লেষণেও সক্রিয় ছিলেন দোশী। এমনকি চলতি মাসেই তিনি উপস্থিত ছিলেন লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাকে।
দোশীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে এক্সে (সাবেক টুইটার) লেখেন,‘দীলিপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর তার পরিবার ও আপনজনদের এই শোক সইবার শক্তি দিক।’

