জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ফলে অভিনেত্রীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ নান শারীরিক জটিলতায় ভুগছিলেন মাসুদা হক। ফলে মায়ের অসুস্থতার কারণে অর্ষা কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। ব্যক্তিজীবনে নতুন সংসার শুরু করলেও এই সময়টাতে মাকে ঘিরেই ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু।
এদিকে অর্ষার স্বামী ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান শাশুড়ির মায়ের মৃত্যু পরবর্তী সময়ে চিকিৎসা সেবার মান নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না। আর হলে হাসপাতালে যাবেন না।’
তিনি আরো লেখেন, ‘সাংবাদিক ভাইদের বলছি— ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্টে কারা কী করছে তা নিয়ে মাথা ঘামানোর আগে একবার হাসপাতালগুলোতে যান। দেখুন কী ভয়াবহ পরিস্থিতি সেখানে! সরকারি-বা বেসরকারি— সবখানেই টাকার খেলা। সেবা কিংবা মানসিকতা— কিছুই নেই।’
প্রসঙ্গত, একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন নাজিয়া হক অর্ষা। ছোট পর্দা, ওটিটি ও সিনেমায় সমানতালে কাজ করছেন তিনি। ২০২৪ সালের শুরুতে অভিনেতা ইমরানের সঙ্গে বিয়ে হয় তার। প্রায় সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছবি পোস্ট করেন এই তারকা দম্পতি।

