ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা হঠাৎ করেই গত ২ জুন অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন। তখন তাৎক্ষণিক বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় অভিনেত্রীকে। এরপর থেকেই লাইফ সাপোর্টে আছেন তানিন সুবহা।

এরই মাঝে রোববার (৮ জুন) সন্ধ্যায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পরে। তবে এখনো তিনি লাইফ সাপোর্টেই আছেন বলে জানিয়েছে তার পরিবার।
জানা গেছে, যেকোনো সময় এই অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে। কারণ, তার হৃদ্যন্ত্র কিছুটা সচল দেখালেও ব্রেন কাজ করছে না। এখন লাইফ সাপোর্ট খুলতে স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই। এর আগে রোববার বিকেলেই চিকিৎসকেরা ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন তাকে।
তানিন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম সোমবার (৯ জুন) সকালে গণমাধ্যমকে বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, তাদের আর কিছুই করার নেই। আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না। রোববার থেকেই আপুর ব্রেন কাজ করছে না, মেশিনের মাধ্যমে শুধু হার্ট সচল আছে। ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন, তবে আম্মু অনুমতি দেননি এখনো। দুলাভাইয়ের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আমার বোনের জন্য সবার কাছে দোয়া চাই।’
প্রসঙ্গত, দীর্ঘ দুই যুগ ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তানিন সুবহা। বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছিল। তারপর নাটক-সিনেমায় কাজ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আর বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

