প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তার প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন।আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু স্পেসএক্সের দুটি করে শেয়ার পাবে। একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, অপরটি আমি নিজে দেব।’

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক জানান, স্পেসএক্সের পক্ষ থেকে দেওয়া শেয়ারটি আগামী মাসে হস্তান্তর করা হবে। আর তার ব্যক্তিগত শেয়ারটি দেওয়া হবে আগামী বছরের জুনে।
তবে এই উদ্যোগ কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ‘আমি পরামর্শ দেব, (স্পেসএক্সের) শেয়ারগুলো ধরে রাখবেন,’ বলেন মাস্ক।
তার দাবি, স্পেসএক্স যদি ‘পৃথিবীর বাইরেও মানুষের বসতি গড়ে তুলতে এবং সূর্যের শক্তির ১০ লাখ ভাগের এক ভাগও কাজে লাগাতে সফল হয়’, তাহলে প্রতিষ্ঠানটির মূল্য ‘বর্তমান বৈশ্বিক অর্থনীতির প্রায় ১০ লাখ গুণ’ হতে পারে।
‘লক্ষ্যগুলো নিঃসন্দেহে অবিশ্বাস্য রকম কঠিন। তবে এগুলো অর্জনের পথ রয়েছে,’ বলেন তিনি।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাস্ক।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী মানুষের সংখ্যা প্রায় সাত কোটি ৩০ লাখ।
বুধবার পুঁজিবাজারের লেনদেন শেষে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সে হিসাবে মাস্কের এই উপহারের মোট মূল্য দাঁড়াবে ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার।
গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছায় প্রতিষ্ঠানটির বিশাল রকেট স্টারশিপ। মঙ্গলগ্রহে মানুষের বসতি স্থাপনের যে উচ্চাকাঙ্ক্ষা মাস্কের, তা বাস্তবায়নে এই মহাকাশযানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

